রমজান সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী মে মাসে রমজান মাস শুরু হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। টিসিবির মুখ্য কর্মকর্তা (বাণিজ্য) এম শিহাবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আগামী ২২ এপ্রিল থেকে রাজধানীসহ সারা দেশে খুচরা বাজারের চেয়ে কমমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে। এই কর্মসূচির আওতায় দুই থেকে আড়াই হাজার টন ভোজ্যতেল, দুই হাজার টন চিনি, এক হাজার থেকে এক হাজার ১০০ টন মসুর, এক হাজার ৫০০ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রি হবে।
তিনি আরও বলেন, দাম স্থিতিশীল রাখতে রমজান শুরুর আগেই খোলাবাজরে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি। তবে পণ্যের বিক্রয়মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। খুব শিগগির সরকার মূল্য নির্ধারণ করে দেবে।
রাজধানীতে টিসিবির পণ্য বিক্রির নির্ধারিত স্থানগুলো হলোÑ সচিবালয় গেট, জাতীয় প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নিউ মার্কেট-নীলক্ষেত মোড়, শ্যামলী-কল্যাণপুর, ঝিগাতলা মোড়, ফার্মগেট খামারবাড়ি, কলমিতলা বাজার, কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেট, আগারগাঁও তালতলা এবং নির্বাচন কমিশন অফিস, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ বাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীতে আইডেল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কিচেন মার্কেট, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার এবং আইডেল জোন, মতিঝিল বলাকা চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর দশ নম্বর চত্বর, উত্তরায় আশকোনা হজ ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক।
