বাফুফের কিরণের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৮:৪৯ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের মামলা চলাকালে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে এ আবেদন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে গত ১২ মার্চ কিরণের বিরুদ্ধে মানহানির মামলা করেন প্রিন্স। মামলার পরিপ্রেক্ষিতে এ আবেদন করলেন তিনি।

মামলাটির ধার্য তারিখ ছিল মঙ্গলবার। কিরণ এদিন আদালতে উপস্থিত হননি। কিরণের আইনজীবী তার জামিন বৃদ্ধি চেয়ে একটি আবেদন করেন। অপরদিকে কিরণের জামিন বাতিল চেয়েও আবেদন করেন বাদীর আইনজীবী ব্যারিস্টার রেফায়েতুল করিম লেলিন। আবেদনগুলোর ওপর শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

এর আগে ১৬ মার্চ কিরণের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান। ১৯ মার্চ ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ২ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী।

গত ১২ মার্চ মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী। গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত