ট্রলার ডুবিতে নিখোঁজ প্রিসাইডিং অফিসারের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৮:৫২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় মঙ্গলবার বিকেলে নিখোঁজ প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই মো. সেলিম নিখোঁজ রয়েছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নারায়ণগঞ্জের সোনরগাঁ উপজেলার চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নিখোঁজ প্রিসাইডিং অফিসারের মরদেহ ভেসে উঠে।

নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথ ভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এর আগে সোমবার সকালে ট্রলার ডুবিতে নিখোঁজ রিতা খাতুন নামে এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার একটি কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সেখানকার দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের একটি টিম রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরে ফেরার সময়ে চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে যায়। এ সময় ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত