মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৯ পিএম

বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও প্রস্তাবিত পোশাকপল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে স্থাপিত ভিত্তিপ্রস্তরের উন্মোচন করবেন তিনি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সফল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, অবহেলিত এই চরাঞ্চলে স্থাপিত হতে যাচ্ছে আধুনিক শিল্পনগর। এখানে দেশি-বিদেশি বহু কোম্পানি শিল্প স্থাপন করতে আগ্রহী হয়েছে। বিজিএমইএর পাশাপাশি অনেক বড় পোশাকশিল্প প্রতিষ্ঠান আলাদাভাবে এখানে কারখানা স্থাপন করবে। ফলে মিরসরাইয়ের কোনো নারী আর বেকার থাকবে না।

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) উপদেষ্টা আবদুল কাদের খান দেশ রূপান্তরকে জানান, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পোশাকপল্লীর জন্য নির্ধারিত ৫০০ একর জমির এরই মধ্যে ৪৪১ একর বরাদ্দ হয়ে গেছে। প্রায় ৭০টি কোম্পানি সেখানে জমি বরাদ্দের জন্য টাকা দিয়েছে বিজিএমইএকে। বিজিএমইএ এ পর্যন্ত দুই কিস্তিতে ১০০ কোটি টাকা পরিশোধ করেছে বেজা কর্র্তৃপক্ষকে। তিনি বলেন, এখানে পোশাকপল্লীর কারখানায় আধুনিক ও বিশ্বমানের পোশাক নির্মাণের চিন্তা-ভাবনা রয়েছে। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাতের জন্য বহুকাক্সিক্ষত পরিকল্পিত শিল্পনগর প্রতিষ্ঠা হতে যাচ্ছে। 

প্রায় ৪০ হাজার একর জমি নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগর চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড উপজেলা ও ফেনীর সোনাগাজীর চরাঞ্চলকে ঘিরে গঠিত হচ্ছে। এটি হবে দেশের সবচেয়ে বড় শিল্প এলাকা। এখন পর্যন্ত ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানকে ৬ হাজার ৭৭ একর জমি বরাদ্দ দিয়েছে বেজা। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ১৩টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত