পিএসজিতে থেকেই বিশ্বসেরা হতে পারবে এমবাপে: পেলে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০১:১৮ পিএম

পিএসজিতে থেকেই কিলিয়ান এমবাপে বিশ্বসেরা ফুটবলার হতে পারবে বলে মনে করেন ফুটবল কিংবদন্তি পেলে। এমন এক সময় ব্রাজিলিয়ান ফুটবল তারকা এ মন্তব্য করলেন যখন ফরাসি এই ফরোয়ার্ডকে দলে টানতে রিয়াল মাদ্রিদ চেষ্টা করছে বলে সংবাদ মাধ্যমে খবর।

তরুণ বয়সেই পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন এমবাপে। গত বছর ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন আক্রমভাগের এই খেলোয়াড়।

তরুণ এমবাপের মাঝে পেলের ছায়া দেখেন অনেকে। ফরাসি এই ফরোয়ার্ডকে বেশ কয়েকবার প্রশংসায় ভাসিয়েছেন খোদ পেলেও। মঙ্গলবার ফ্রান্সে একটি অনুষ্ঠান উপলক্ষে প্রথমবারের মতো দেখা হয় তাদের।

এমবাপের বিশ্বসেরা ফুটবলার হবে বলে বিশ্বাস ৭৮ বছর বয়সী পেলের। এজন্য তাকে পিএসজিও ছাড়তে হবে না বলে মনে করেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

“বিশ্বসেরা হতে কিলিয়ানের পিএসজি ছাড়ার দরকার নেই। যেভাবে সে খেলে যাচ্ছে সেভাবেই চালিয়ে যেতে হবে...এভাবে খেলেই সে বিশ্বসেরা হতে পারবে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়।”

এক সান্তোসে থেকেই নিজের তারকা হওয়ার ব্যাপারটিও তুলে ধরেন পেলে, “আমরা যদি কিলিয়ানকে পেলের সঙ্গে তুলনা করতে চাই, তাহলে দেখব বিশ্বসেরা হতে পেলে কখনই সান্তোস ছাড়েনি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত