দ্বিতীয় দিনও সড়ক-রেলপথ অবরোধ পাটকল শ্রমিকদের

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০১:৩৬ পিএম

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৯ দফা দাবিতে কারখানা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন পাটকল শ্রমিকেরা। ধর্মঘটের মধ্যে ৪ ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেছে।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমিন জুট মিলের সামনে ব্যারিকেড দিয়ে ও সড়কে শুয়ে-বসে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পাটকলের শ্রমিক-কর্মচারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের রেলপথ অবরোধ করেন আমিন জুট মিলের শ্রমিকেরা।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়গামী প্রথম শাটল ট্রেন চললেও দ্বিতীয় শাটল ট্রেন যেতে বিলম্ব হয়েছে। আর তাদের বিক্ষোভে ৪ ঘণ্টা রাজপথ অবরোধ ছিল।

আমিন জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, “মঙ্গলবার থেকে আমাদের কর্মসূচি চলছে, তার ধারাবাহিকতায় বুধবারও আমরা ধর্মঘট ও রাজপথ-রেলপথ অবরোধ করেছি। আগামীকালের মধ্যে যদি দাবি মেনে নেয়া না হয় তাহলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারীরা।”

আগামীকালও নির্ধারিত সময়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

এদিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে গত ২ মার্চ থেকে এই আন্দোলন চলছে বিজেএমসির আওতাধীন জুট মিলগুলোতে।

বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীন ১০টি পাটকলের মধ্যে আছে- আমিন জুট মিলস লিমিটেড ও ওল্ড ফিল্ডস লিমিটেড, গুল আহমেদ জুট মিলস লিমিটেড, হাফিজ জুট মিলস লিমিটেড, এমএম জুট মিলস লিমিটেড, আর আর জুট মিলস লিমিটেড, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড, ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি, গালফ্রা হাবিব লিমিটেড ও মিলস ফার্নিসিং লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত