হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্রধর (৩০)।
গুরুতর আহত শিল্পীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে।
স্থানীয়রা জানায়, নিহত নীলু সূত্রধরের স্বামী মারা যান ৭/৮ বছর পূর্বে। তার একমাত্র ছেলে জীবন সূত্রধর কুয়েত প্রবাসী। একমাত্র পুত্রবধূ হেপি সুত্রধরকে নিয়েই বাড়িতে থাকেন। কয়েকদিন আগে পুত্রবধূ হেপি পিতার বাড়ি নবীগঞ্জের ভুবিরবাগ গ্রামে বেড়াতে যান। এদিকে মা বাড়িতে একা থাকবেন এ জন্য ছোট মেয়ে শিল্পী সূত্রধর মাধবপুর থেকে বাড়িতে আসেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়ে দু’জনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পী সূত্রধর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মো. পারভেজ আলম চৌধুরী পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সূত্রধরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত খুব শীঘ্রই তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
নিহত নীলু সুত্র ধরের ১ ছেলে ৪ মেয়ের মধ্যে আহত শিল্পী সবার ছোট। তার ৩ বছরের এক ছেলে রয়েছে। নিহতের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
