বিশ্বের শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
দেশটির একজন সরকারি কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমেরিকান সংবাদমাধ্যমকে জড়িয়ে সৌদি আরবকে যে বিষয়ে অভিযুক্ত করা হচ্ছে, তা ঠিক নয়।’
যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার গত জানুয়ারিতে বেজোসের ব্যক্তিগত মেসেজ ফাঁস করে। সেখান থেকে জানা যায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দিচ্ছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, লরেন সানচেজ নামের এক টিভি উপস্থাপিকা এবং পাইলটের সঙ্গে প্রেম করছেন ৫৪ বছর বয়সী বেজোস।
মেসেজ ফাঁসের পাশাপাশি বান্ধবীকে পাঠানো নগ্ন ছবিও ন্যাশনাল এনকোয়ারারকে দেয় সৌদি আরব। সেই ছবি ফাঁসেরও হুমকি দেয় প্রতিষ্ঠানটি।
কীভাবে এমন মেসেজ ও ছবি ন্যাশনাল এনকোয়ারারের হাতে গেল তা খতিয়ে দেখতে বেজোস নিজের উদ্যোগে তদন্ত শুরু করেন। সেই তদন্ত শেষে তিনি সৌদি আরবের নাম বলেন।
সৌদি আরব বলছে, ‘আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন অভিযোগ আনা হয়েছে।’
