গণপরিবহনে শৃঙ্খলা ও সড়কে নিরাপদ করতে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের চক্রাকার বাস সার্ভিসের মতো রাজধানীর উত্তরা এবং মতিঝিলেও পৃথকভাবে চক্রাকার এসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বুধবার বিকেলে ডিএসসিসি সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেসন সংক্রান্ত কমিটির ৫ম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এ সময় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাঈদ খোকনের বলেন, ‘আমরা ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর এলাকায় যেমন চক্রাকার বাস চালু করেছি, ঠিক তার অনুরূপ চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছি উত্তরা-মতিঝিল এলাকায়ও। আমরা ইনশা আল্লাহ চলতি মাসের (এপ্রিল) শেষ সপ্তাহে মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করব। সেই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছি’।
তিনি আরো বলেন, ‘এই বাস সার্ভিসের মধ্যে দিয়ে আমরা গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, সেই সঙ্গে আমরা যাত্রীসেবা নিশ্চিত করতে পারি, এবং তুলনামূলক কম খরচে যাত্রীরা চলাচল করতে পারে সে সেবা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস ভূমিকা রাখবে বলে আমার আশা করছি’।
মেয়র বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা ম্যানুয়াল টিকিটের পাশাপাশি র্যাপিড পাস প্রবর্তন করেছি। পাইলট আকারে আমাদের কার্যক্রম চলছে। যে কোনো নাগরিক এ পাস ব্যবহার করে সারা মাসের জন্য এই পাসের মাধ্যমে গোটা ঢাকা শহরে ভাড়া প্রদান করতে পারবেন।
সদ্য চালু হওয়া ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের চক্রাকার বাস সার্ভিস প্রসঙ্গে মেয়র বলেন, এই রুটের চক্রাকার বাস সেবা ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন হয়ত কিছুটা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। কারণ একটি নতুন প্রজেক্ট চালু করলে সমস্যা থাকবেই। তবে আশা করি আগামী ১৫ দিনের মধ্যেই যাত্রীরা এর সার্বিক সুবিধা ভোগ করতে পারবেন।
বাস রুট রেশনালাইজেসন প্রসঙ্গে মেয়র বলেন , নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে সাড়ে চার হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেসন কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ এখানে টার্মিনাল, ডিপো, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব চক্রাকার বাস রুট রেশনালাইজেসন প্রক্রিয়ার ছোট ছোট অংশ।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ কমিটির সব সদস্য।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ১০ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে।
