ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখালেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। হার নিয়ে ফিরতে হয়েছে ভালেন্সিয়ার মাঠ থেকে। মাদ্রিদের ক্লাবটিতে কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার তৃতীয় ম্যাচেই পরাজয়ের আগুনে পুড়লেন জিনেদিন জিদান।
লা লিগায় বুধবার রাতে ভালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হারে রিয়াল। দুই অর্ধে দুই গোলে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। যোগ করা সময়ে অতিথিদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন করিম বেনজেমা।
বল দখলে আধিপত্য দেখালে আক্রমণে গোছানো ছিল না রিয়াল। ৩৫ তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে উড়ে আসা বল রুখে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ফিরতি বল পেয়ে যান গনসালো গেদিস। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে জাল খুঁজে নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার পর আরো উজ্জীবিত হয়ে ওঠে ভালেন্সিয়া। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি রিয়াল। ৮৩তম মিনিটে আরো একটি খেয়ে বসে তারা। স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহোর কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার এসেকিয়েল গারাইয়ের।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুকা মদ্রিচের কর্নারে হেডে ব্যবধান কমান করিম বেনজেমা। ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।
এই হারে তালিকার তৃতীয়স্থানে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩০ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭।
শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয়স্থানে আছে ৬২ পয়েন্ট নিয়ে।
