প্রয়োজনে সব গ্রিন লাইন বাস নিলামে তুলে ক্ষতিপূরণ: হাইকোর্ট

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১২:৪৩ পিএম

গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে হুঁশিয়ার করল হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে আদালতের একটি বেঞ্চে বলা হয়, বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দিলে সব গাড়ি নিলামে তুলে হলেও ক্ষতিপূরণ আদায় করা হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ থেকে এই হুঁশিয়ারি আসে। রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার আদেশ বাস্তবায়ন সম্পর্কে আদালতে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল বৃহস্পতিবার।

গত ১২ মার্চ এক রায়ে ক্ষতিপূরণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পরে পরিবহন কোম্পানিটির আপিলের একই আদেশ বহাল থাকে।

এছাড়া বৃহস্পতিবার বেলা ২টায় গ্রিন লাইনের ব্যবস্থাপককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সঙ্গে বলা হয়, আদেশ মানতে না চাইলে ওই পরিবহন কোম্পানির মালিককে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

১২ মার্চের ওই রায়ে ক্ষতিপূরণের পাশাপাশি রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং তার কাটা পড়া পায়ে সর্বাধুনিক প্রযুক্তির কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়। কিন্তু রাসেলের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।

রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় তার বড় ভাই আরিফ সরকার গত বছরের ২৮ এপ্রিল বাস চালকের বিরুদ্ধে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত