রাজধানীর বনানীর এফ আর টাওয়ার নির্মাণে নকশার ব্যত্যয় আছে কি না তা খতিয়ে দেখতে ৯ সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার ওইসব সংস্থায় চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক।
যেসব প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ও ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে তিন কার্যদিবসের মধ্যে তথ্য জানাতে বলেছে দুদক।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ হচ্ছে কি না তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে রাজউকের ২৪ টিম। জোন-৪ এর অধীনে পরিচালিত একটি টিমের অভিযানে শুধু বনানী এলাকায় ৬০টি বহুতল ভবনের মধ্যে ৫৮টির নকশায় ব্যত্যয় ঘটিয়ে নির্মাণের তথ্য পাওয়া গেছে।
