অনলাইন জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর শীর্ষ ধনী জেফ বেজোসের সঙ্গে স্ত্রী মেকেনজির বিয়েবিচ্ছেদ ঘটছে। বিচ্ছেদের ফলে স্ত্রীকে বেজোসের পরিশোধ করতে হবে ৩৫০০ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ লাখ কোটি।
বিবিসি জানায়, বিয়েবিচ্ছেদ চুক্তির এখন পর্যন্ত সব রেকর্ড ভেঙে ফেলেছে এটি। মেকেনজি তার স্বামীর প্রতিষ্ঠান অ্যামাজনের ৪ শতাংশ মালিকানা পাবে।
প্রায় ২৫ বছর আগে বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন। তবে বেজোসের স্পেস ট্রাভেল ফার্ম ব্লু অরিজিন থেকে নিজের লভ্যাংশ ছেড়ে দিচ্ছেন তিনি।
এর আগে বিয়েবিচ্ছেদের সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৮০ কোটি ডলারের। আর্ট ডিলার অ্যালেক উয়েল্ডেন্সটিন এবং তার স্ত্রী জোসেলিনের মধ্যে এ চুক্তি হয়।
এক টুইটার বার্তায় মেকেনজি ঘোষণা দেন, স্বামী-স্ত্রী দুজনের সম্মতিতেই বিয়েবিচ্ছেদের পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এ দম্পতি চার সন্তান রয়েছে। ১৯৯৪ সালে বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন। অ্যামাজনের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা ছিলেন মেকেনজি।
জানুয়ারিতে এ দম্পতি বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন। ফক্স চ্যানেলের হোস্ট লরেন শানচেজের সঙ্গে বেজোসের প্রেমের সম্পর্ক গোচরে আসলে এ জুটি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ফোর্বস ম্যাগাজিনের মতে, গত বছর অ্যামাজন ২৩ হাজার কোটি ডলারের ব্যবসা করে। এতে বেজোস পরিবারের আয়ের অংশ হচ্ছে ১৩ হাজার কোটি ডলার।
