‘মেসি প্রতিভাবান, রোনালদো উচ্চাকাঙ্ক্ষী’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০২:৫১ পিএম

কে সেরা? লিওনেল মেসি, নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? এমন প্রশ্নে অনেকের মতো সরাসরি কাউকে বেছে নিতে পারলেন না রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার গুতি। তার মতে, প্রতিভার দিক থেকে এগিয়ে মেসি; আর উচ্চাকাঙ্ক্ষার দিকে এগিয়ে রোনালদো।

শিরোপা জয়, গোল করা, ব্যক্তিগত অর্জন ও দলে গুরুত্বের দিক থেকে মেসি-রোনালদোকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে ভাবা হয়ে থাকে। দুই জনই পাঁচবার করে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।

চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন মেসি। লা লিগায় ৩২ গোল নিয়ে আছেন ব্যক্তিগত গোলের তালিকার শীর্ষে। সব ধরনের প্রতিযোগিতায় তার গোল দাঁড়িয়েছে ৪২টি।

দারুণ ছন্দে আছেন রোনালদোও। গত মৌসুম শেষে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে নাম লেখানো পর্তুগিজ এই ফরোয়ার্ড ক্লাবটির হয়ে সেরি আয় এরই মধ্যে করেছেন ১৯ গোল; সব ধরনের প্রতিযোগিতায় ২৪ গোল।

রোনালদো-মেসির মধ্যে কে সেরা- এমন প্রশ্নের জবাবে রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচবার লা লিগাসহ অসংখ্য শিরোপা জেতা গুতি বলেন, “উভয়ই।”

“এটা সত্য যে, সম্প্রতি টুইটে আমি মেসিকে বেছে নিয়েছি। তবে ক্রিস্তিয়ানো রোনালদো যা করেছে সেসব আমি অনেক মূল্যায়ন করি। সে বড় মাপের একজন খেলোয়াড়।”

“মেসি অনেক প্রতিভাবান। আর ক্রিস্তিয়ানো গোল স্কোরারের চেয়ে বেশি কিছু, অনেক উচ্চাকাঙ্ক্ষী।”

“রোনালদো নিজেকে নিজে গড়ে তোলা একজন খেলোয়াড়। এটা অবিশ্বাস্য যে, মেসির যুগে সে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছে। রিয়াল মাদ্রিদে খেলার সময় সে তার গুরুত্বটাও দেখিয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত