এ সময়ে ছোটপর্দার অন্যতম মেধাবী অভিনেত্রী লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। চাহিদা থাকা সত্ত্বেও সমসাময়িক অনেকের মতো মাসের ত্রিশ দিনই শ্যুটিং করেন না তিনি। বেছে বেছে কাজ করেন বলে তার নাটকগুলোতে যতেœর ছাপ স্পষ্ট। তিনি যে চরিত্রে অভিনয় করেন তা নিয়ে ভাবেন, কী পোশাক হবে, চরিত্রটি দেখতে কেমন হবে এসব নিয়ে কাজ করেন তিনি। তার অভিনীত চরিত্রগুলোও হয় আলাদা। কখনো সাধারণ গৃহিণী, কখনো দজ্জাল প্রেমিকা আবার কখনো খেটে খাওয়া কোনো নারী। তবে ঈদের সময় বেশি কাজ করতে হয় রোমান্টিক গল্পে। এরই মধ্যে একগুচ্ছ ঈদের নাটকে অভিনয় করা হয়ে গেছে তার। এর মধ্যে রয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদের নির্দেশনায় ২-৩টি নাটক। ‘রোমিও জুলিয়েট স্টুডিও’ নাটকটি প্রেমের। এতে তার সহশিল্পী মিশু সাব্বির। অর্ষা বলেন, ‘খুব একটা আলাদা কোনো গল্প নয়। স্টুডিওতে ছবি তুলতে গিয়ে প্রেম হয় আমাদের। তবে পরিচালক গল্পটির উপস্থাপনা ভিন্ন রকমভাবে করেছেন। তাই নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ এই পরিচালকের আরেক নাটকের নাম ‘নীলাঞ্জনার সাথে কিছুক্ষণ’। এতেও তার বিপরীতে আছেন মিশু সাব্বির, সঙ্গে আরও আছেন কল্যাণ কোরাইয়া।
অর্ষার ঈদের নাটকের বেশির ভাগ শ্যুটিং হয়েছে নেপালে। সেখানে তিনি অঞ্জন আইচের ‘আজব কর্মশালা’, ‘তুমি এবং অতঃপর’ নাটক দুটি করেছেন। এতে তার সহকর্মী যথাক্রমে নাঈম, আ খ ম হাসান ও সজল। প্রথমটি তিন বন্ধুর গল্প। পরেরটি রোমান্টিক ধাঁচের নাটক।
নেপালে রাকেশ বসুর পরিচালনায় অর্ষা অভিনয় করেছেন ‘অক্টোপাস’ নাটকে। এই কাজটি তার খুব মনে ধরেছে। কারণ গল্পটাই আলাদা। অর্ষা বলেন, ‘মানুষ পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে রং বদলায়। আমরাও এই নাটকে সেটা ফুটিয়ে তুলেছি। আমি আর নাঈম দম্পতি। অকর্ম করে নেপালে গা ঢাকা দিই। কিন্তু সেখানে গিয়ে দেখি আমাদের পিছু নিয়েছে আরেক দল। নিজেদের বাঁচাতে আমরা বারবার আদল বদলাতে থাকি।’
নেপালে গিয়ে অর্ষা দিপু হাজরা আর শহীদুন্নবীর নির্দেশনায়ও কাজ করেছেন। আজ তিনি শ্যুটিং করছেন সিরাজগঞ্জে। ‘কবিতার কর্মশালা’ নামের এই নাটকে তার নায়ক শ্যামল মাওলা। এটি একটু অব ট্র্যাকের গল্প। এ নাটকটি নিয়ে অর্ষা বলেন, ‘এটি মফস্বলের গল্প। আমি আর শ্যামল একই বিশ^বিদ্যালয়ে পড়ি। সে বিজ্ঞানের ছাত্র, আর আমি কবিতা খুব ভালোবাসি। সে ভাবে, আমি হয়তো এমন কাউকে মন দেব যে কবিতা ভালোবাসে। আমার মন পেতে নিভৃতে কবিতা চর্চা করে। দীর্ঘদিন চর্চার পর একদিন আমাকে তার ভালোবাসার কথা বলে। কিন্তু ততদিনে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে...।’
খ- নাটকের বাইরে অর্ষা অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে এনটিভিতে প্রচার হচ্ছে ‘সোনার খাঁচা’। গ্রামের অল্পশিক্ষিত মেম্বার চঞ্চল চৌধুরীকে শহরের শিক্ষিত মেয়ে অর্ষা কীভাবে বদলাতে থাকেন তা নিয়ে এর গল্প। এ ছাড়া তিনি দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাহসান-অপূর্ব-আফরান নিশোর সঙ্গে ‘দ্বিতীয় কৈশর’ এরই মধ্যে বায়োস্কোপ অরিজিনালস-এ প্রকাশ হয়ে বেশ সাড়া ফেলেছে। শিগগিরই একই চ্যানেলে আসবে মনোজ প্রামাণিকের সঙ্গে ‘রোড ট্রিপ’ সিরিজটি।
