সেই ম্যালপাস হলেন বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১২:২৪ এএম

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস। 

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকরা শুক্রবার সর্বসম্মতিক্রমে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনীত করেন বলে সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সমর্থক ডেভিড ম্যালপাসকে সবাই বিশ্বব্যাংকের সমালোচক হিসেবেই জানেন, যার ফলে তার মনোনয়ন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অনেকে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ম্যালপাস মনোনীত হলে বিশ্ব অর্থনীতিতে ব্যাংকটির ভূমিকা সংকুচিত হয়ে আসতে পারে।

মঙ্গলবার থেকে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের নেতৃত্ব দেবেন ম্যালপাস।

বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং ব্যাংকটির তহবিলের প্রধান উৎস হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই ব্যাংকটির প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই এ ধারা অব্যাহত রয়েছে। ১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠনের উদ্দেশ্যেই এ ব্যাংকটি গঠিত হয়। তবে গত কয়েক দশকে বিশ্বে বেশকিছু অর্থনৈতিক শক্তির উত্থানের ফলে ব্যাংকটির নেতৃত্ব যুক্তরাষ্ট্রের হাত থেকে সরিয়ে নেয়ার চাপ বাড়ছে।

 জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হলেন ডেভিড ম্যালপাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত