ভালুকায় বখাটের ছুরির আঘাতে নারী মিল শ্রমিক খুন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৩:১৯ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং মিলের শ্রমিক তানিয়া আক্তার (১৬) বখাটের ছুরির আঘাতে শনিবার ভোরে খুন হয়েছেন। এলাকাবাসী ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিলসিংড়া গ্রামের হোসেন আলীর মেয়ে তানিয়া আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ী আমতলী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে জহুরার বাড়িতে বাসা ভাড়া থেকে স্থানীয় রিদিশা স্পিনিং মিলে চাকরি করতেন।

ঘটনার দিন সকালে নাইট শিফট ডিউটি শেষে বাসায় ফেরার পথে এস এম সি মিলের সামনে ঈশ্বরগঞ্জ উপজেলার জনব আলীর বখাটে ছেলে শাহেদ মিয়া (২২) পথ রোধ করে এলোপাতাড়ি গলায় ছুরির আঘাত করে। এতে ঘটনাস্থলে তানিয়া মারা যান।

সাহেদকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এ ঘটনায় নিহতের বড় বোন স্থানীয় কনজিউমার মিলের শ্রমিক কাকলি আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মমলা দায়ের করেছেন।

নিহতের বড় বোন মামলার বাদী কাকলি আক্তার বলেন, আমার বোনের নির্মম হত্যার বিচার চাই। 

লাশ উদ্ধার কারী ভালুকা মডেল থানার এসআই ফিরোজ আহাম্মেদ জানান, ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে ওই মেয়েটিকে খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত