সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীকে শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির কাছে পাঠানো হয়।
এনায়েতপুর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি গাজী দিলীর আহমেদ এ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী গত কয়েক বছর ধরে দলীয় কোন্দল সৃষ্টির পাশাপাশি নানা অনিয়ম করে আসছিলেন। সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৫ (চৌহালি-বেলকুচি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে কাজ না করে কৌশলে নৌকার পক্ষে কাজ করেছেন। এ বিষয়ে থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংশ্লিষ্টতার ছবি ও গণ স্বাক্ষর সহ সহ অভিযোগ কেন্দ্র ও জেলা বিএনপির কাছে পেশ করে।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তদন্ত শেষে লিয়াকত আলীকে দলের ৫/গ ধারা মোতাবেক গত ২৪শে মার্চ বহিষ্কার করে । তার স্বাক্ষরিত একটি চিঠি শনিবার সকালে তার হাতে এসে পৌঁছালে তিনি দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন।
