উপজেলা নির্বাচনের জের খুলনায় সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:০৭ পিএম

খুলনার কয়রা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে স্থানীয় পত্রিকার সাংবাদিক শাহজাহান সিরাজ (৩৩) আহত হয়েছেন। উপজেলা নির্বাচনের বিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে কয়রা উপজেলা সদরের ছেদুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত শাহজাহান খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল-এর কয়রা প্রতিনিধি ও স্থানীয় যুবলীগ নেতা। তিনি মহারাজপুর গ্রামের মৃত শামসুর রহমান বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে শাহীন (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৩১ মার্চের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জি এম মহসীন রেজা দলের বিদ্রোহী প্রার্থী এস এম শফিকুল ইসলামের কাছে পরাজিত হন। এরপর থেকে বিজয়ী শফিকুল ইসলামের লোকজন নৌকা প্রতীকের প্রার্থী  জি এম মহসীন রেজার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। শুক্রবার রাত ৯টার দিকে মহসীন রেজার সমর্থক শাহজাহান উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি ছেদুর ব্রিজের কাছে পৌঁছালে ওত পেতে থাকা ২৫-৩০ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে শাকবাড়িয়া নদীতে ফেলে দেয়।

খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিক-যুবলীগ নেতাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানার জন্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কয়রা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত