খুলনা বিভাগের সেরা ৯ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৫৭ পিএম

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইতে বাংলাভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-৩য় বর্ষ’র খুলনা বিভাগের বাছাই পর্ব গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় ১৩ শতাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে খুলনা বিভাগের সেরা ৯ বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে তৃতীয়বারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। খুলনা বিভাগের বাছাইপর্ব শুরু হয় সকাল ৯টায়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা রায় এবং আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার প্রমুখ।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত