ঠাকুরগাঁওয়ে শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আট গুণী ব্যক্তি ও দুটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে ‘সম্মাননা’ দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। ২০১৬ সালে কণ্ঠসংগীতের ক্ষেত্রে কালী প্রসাদ রায়, নৃত্যকলায় প্রীতি গাঙ্গুলী, আবৃত্তিতে মোতাহার হোসেন, লোক সংস্কৃতি (বাউল গান) ইলিয়াস বাউল এবং ২০১৭ সালে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনের ক্ষেত্রে শাপলা নাট্যগোষ্ঠী, কণ্ঠসংগীতে প্রণব ভট্টাচার্য, যাত্রাশিল্প ক্ষেত্রে দেব কুমার গুহ ঠাকুরতা, লোক সংস্কৃতি (ধামের গান) ক্ষীতেন্দ্র নাথ বর্মণ, নৃত্যকলায় জাবীন আক্তার লিজা ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনের ক্ষেত্রে বড় বালিয়া আদিবাসী কল্যাণ সমিতিকে সম্মাননা দেওয়া হয়।
গত শনিবার রাতে শিল্পকলা একাডেমিতে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সম্মাননা তুলে দেন। এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
