সোনালি ব্যাগ তৈরিতে ১০ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪১ এএম

পাট থেকে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরিতে গবেষণার জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এক সভায় বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

সভায় বলা হয়, বাংলাদেশ পাটকল করপোরেশন প্রস্তাবিত এ প্রকল্পের মাধ্যমে পাট থেকে পচনশীল যৌগিক পলিমার তৈরি করে পরিবেশবান্ধব শপিং ব্যাগ ও মোড়কসহ দৈনন্দিন বিভিন্ন দ্রব্য তৈরি করা হবে।

পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য পরিবেশবান্ধব উপাদান তৈরি করে অধিক কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করা হবে।

প্রস্তাবিত এ প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য উৎপাদন ও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করা হবে।

এ ছাড়া আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে একটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কেনা হবে।

সভায় অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত