বলিউডের কিং খান। তাই বলে বরাবরই তার ছবি হিট হবে এমন কোনো কথা নেই। শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অনেক আশা নিয়ে সে ছবি তৈরি করলেও অনস্ক্রিন বামনরূপী কিং খানকে একেবারেই মেনে নেয়নি দর্শক। বারবার লড়াইয়ে হেরে গেলেও ফিরে এসেছেন তিনি। হতাশা কাটিয়ে ফিরেছেন নিজস্ব ভঙ্গিতেই।
শোনা যাচ্ছে, ‘জিরো’র পর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। কিন্তু সে ছবির বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো কথা বলেননি নায়ক। তবে এবার মুখ খুললেন। ইঙ্গিত দিলেন পরের প্রজেক্টের।
সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ জানান, দর্শক যদি তাকে সেক্সি হিরো বা সেক্সি বাবার চরিত্রে দেখতে চান, তিনি তেমনভাবেই হাজির হবেন। অর্থাৎ দর্শক যতটা সেক্সি শাহরুখকে চান, তিনি পরের ছবিতে তেমনভাবেই প্রস্তুত হয়ে পর্দায় আসবেন।
বলি সূত্রের খবর, মধুর ভাণ্ডারকরের ‘ইন্সপেক্টর গালিব’-এ সই করবেন শাহরুখ। কেউ আবার বলছেন, রীতেশ সিধওয়ানির ‘ডন থ্রি’তে অভিনয় করবেন। তবে ‘জিরো’র পরে এতগুলো ছবির মধ্যে কোনটাতে তাকে দেখা যাবে তা এখনও খোলসা করেননি বলি বাদশা।
