ঝালকাঠিতে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদের তিনতলা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। জেলার রাজাপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত এ ভবনে ঠিকাদারের একগুঁয়েমি ও নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের। অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলার মুক্তিযোদ্ধারা।
জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৬ অর্থবছরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের তিনতলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনটির নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় এমপি বজলুল হক হারুন এ ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স এর পক্ষে এ নির্মাণকাজের দায়িত্ব পান রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা। ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটির নির্মাণকাজ শুরু থেকেই স্থানীয় মুক্তিযোদ্ধারা নিম্নমানের উপকরণ ব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে আসছিলেন।
গত দুই বছর আগে এ নির্মাণ কাজ শেষ হলেও কাজের মান খারাপের অভিযোগ ওঠায় এতদিন হস্তান্তর করতে পারেনি এ ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত রোববার জেলা প্রশাসক হামিদুল হক মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত এ ভবন পরিদর্শনকালে ফাটল ছাড়াও অধিকাংশ জায়গায় পলেস্তারা খসে পড়ার সত্যতার প্রমাণ পান। তাই এ নবনির্মিত কমপ্লেক্স ভবন হস্তান্তরের আগেই আগামী ২০ এপ্রিলের মধ্যে ঠিকাদারকে ভবন সংস্কার করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
ঠিকাদার আনোয়ার হোসেন মজিবর মৃধা মজিবর বলেন, “ফাটলের বিষয সত্য নয় ।তা ছাড়া কাজ শেষ হবার পরে এভাবে একটা নতুন ভবন বদ্ধ অবস্থায় বছরের পর বছর পড়ে থাকায় পলেস্তারের সামান্য ক্ষতি হয়েছে। আমরা সংস্কার করেই ভবন হস্তান্তর করব।”
এ বিষয়ে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ভবনের লিন্টনের উপর ইটের গাঁথুনিতে ফাটল দেখা গিয়েছে। কিছু কিছু জায়গায় দেয়ালের প্লাস্টার ফুলে উঠেছে। এছাড়া আমরা ছোটখাট কিছু ত্রুটি-বিচ্যুতি পেয়েছি। এগুলো সংস্কার করে আগামী দশ দিনের মধ্যে ভবন হস্তান্তরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। আশা করি এর পরে মুক্তিযোদ্ধাদের কোনো অভিযোগ থাকবে না।
