খুব কম মানুষকে নিয়ে উচ্ছ্বাস দেখান বলিউড তারকা আমির খান। সংক্ষিপ্ত সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জীবী। আর তাদের দেখা হয়েছে বিমানবন্দরে।
সম্প্রতি কোটা বিমানবন্দরে আমির ও চিরঞ্জীবীর দেখা হয়। এরপর দুজনেই বেশ হাসি-খুশি মেজাজে ছবির জন্য পোজ দেন। মিস্টার পারফেকশনিস্টের হাসিটাই বলে দিচ্ছে, তিনি কতটা খুশি হয়েছেন।
৫৪ বছর বয়সী এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট দেন না। কিন্তু নিজের প্রিয় অভিনেতার সঙ্গে টুইটারে ছবি পোস্ট করার লোভ সামলাতে পারেননি।
আমির ছবির ক্যাপশনে লেখেন, “হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার প্রিয় দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিমানবন্দরে। কী দারুণ একটা সারপ্রাইজ।''
চিরঞ্জীবীর পরের সিনেমা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী ওয়ালোয়ারা নরসিমা রেড্ডিকে নিয়ে। শিরোনাম ‘সাইরা নরসিমা রেড্ডি'। এ সম্পর্কে আমির লিখেছেন, ‘‘স্বাধীনতা সংগ্রামী ওয়ালোয়ারা নরসিমা রেড্ডির বিষয়ে তার সঙ্গে কথা বললাম। সত্যি উনি অনুপ্রেরণাদায়ক।''
এদিকে আমির খান সম্প্রতি পরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ঘোষণা দিয়েছেন। ১৯৯৪ সালের হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর আনুষ্ঠানিক রিমেক এটি। আমির খান জানিয়েছেন, সেই সিনেমার প্রয়োজনে তাকে ২০ কেজি ওজন কমাতে হবে। বর্তমানে চলছে সেই কসরত।
