কেরানীগঞ্জে ফুফার হাতে শিশু অপহরণ, চাঁদপুরে উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৪০ পিএম

ঢাকার কেরানীগঞ্জ থেকে ফুফার হাতে অপহৃত চার বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা পুলিশ শিশুসহ অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করে।

অপহরণকারী আবুল হোসেন অপহৃত শিশু তুহিনের দূর সম্পর্কের ফুফা। আবুল হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার তারাবুনিয়া এলাকায়। আর অপহৃত শিশু তুহিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

শিশুর স্বজনরা জানায়, অপহরণকারী তাদের আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে রোববার বাসায় যায়। চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশু তুহিনকে নিয়ে বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশের সহযোগিতা নেয়।

শিশুর পিতা মনির হোসেন গাজী বলেন, আবুল হোসেন হাওলাদার আমার দূর সম্পর্কের চাচাতো বোনের স্বামী। রোববার বিকেলে আবুল হোসেন আমার বাসায় যায়। এ সময় সে আমার শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পরেও তারা বাসায় না আসায় আবুল হোসেনের মোবাইলে ফোন করে তা বন্ধ পাই। পরে গভীর রাতে তার সাথে মোবাইলে কথা বললে বুঝতে পারি সে কোন লঞ্চে আছে। এ সময় সে বাচ্চা ফিরে পাবার জন্যে মুক্তিপন দাবি করে।

আমরা ধারণা করি শিশুটিকে অপহরণ করে লঞ্চযোগে চাঁদপুর যাবে সে। তখন আমরা দ্রুত চাঁদপুর আসি এবং বিষয়টি চাঁদপুর পুলিশকে জানাই। পরে সোমবার সকালে অপহরণকারীকে লঞ্চঘাট থেকে আটক করে পুলিশ এবং আমার বাচ্চাকে আমাদের বুকে ফিরিয়ে দেয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দীন বলেন, আবুল হোসেন শিশুটিকে কেরানীগঞ্জ থেকে অপহরণ করে চাঁদপুরে নিয়ে আসে। পরে শিশুর আত্মীয়দের নিকট মুক্তিপণ দাবি করে। শিশুটির স্বজনরা তাকে ধরার চেষ্টা করার এক পর্যায়ে পুলিশ অপহরণকারীকে আটক করে।

এই ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত