ঢাকার কেরানীগঞ্জ থেকে ফুপার হাতে অপহৃত চার বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা-পুলিশ শিশুসহ অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করে।
অপহরণকারী আবুল হোসেন অপহৃত শিশু তুহিনের দূরসম্পর্কের ফুপা হন। আবুল হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার তারাবুনিয়া এলাকায়। আর অপহৃত শিশু তুহিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
শিশুর স্বজনরা জানান, অপহরণকারী তাদের আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে গত রোববার বাসায় যান। পরে চকোলেট কিনে দেওয়ার কথা বলে শিশু তুহিনকে নিয়ে বাসা থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশের সহযোগিতা নেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দীন বলেন, শিশুটির স্বজনদের সহায়তায় পুলিশ অপহরণকারীকে দ্রুত আটক করতে পেরেছে।
