তার হাত ধরে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসে তিনটি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। শ্যুটার নাসির উদ্দিন জনি খেলা ছাড়ার পর প্রবাস জীবন যাপন করছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই শ্যুটার হঠাৎই চলে গেছেন না ফেরার দেশে।
সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৫২ বছর বয়সী জনি।
কৃতি এই শ্যুটার ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে (বর্তমান এসএ গেমস) স্বর্ণ জয় করেন। ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে দলীয় বিভাগে সাফল্য দেখান তিনি। এরপর ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে দলীয় বিভাগে জেতেন জোড়া স্বর্ণ।
১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন জনি। বিয়ে করেন আরেক শ্যুটার শারমিন রহমানকে। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।
