ঝড়ের কবলে পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবি, নিখোঁজ ২

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১০:২৭ এএম

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক-০৫ এ ২০-২৫ জন শ্রমিক-কর্মচারী নিয়ে এমএল আকতার নামক একটি লঞ্চ ডুবে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড়ে বেসক্রিক এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি স্কোপোস’র পাশে থাকা আকতার লঞ্চটি ওই জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

এ সময় ৪-৫ জন শ্রমিক-কর্মচারী সাঁতরে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠে। বাকিরা বিদেশি জাহাজের আশপাশের নৌযানগুলোতে উঠতে সক্ষম হয় বলে জানিয়েছে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির।

তবে তিনি রাত পৌনে ১১টার দিকে জানান, ওই লঞ্চে থাকা ক্রেন অপারেটর মো. শাহালমকে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ রয়েছেন।

এদিকে একই সময়ে বন্দরের বেসক্রিক এলাকায় এমভি হারড্ডা নামের অপর একটি বার্জ (নৌযান) ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের রেডিও অপারেটর মো. সৈয়দ আহম্মদ।

তিনি বলেন, বার্জের এক কর্মচারী নিখোঁজজ রয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত