নুসরাত হত্যার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৭:১০ পিএম

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত ৯টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। নুসরাতের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোক। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। এদিকে নুসরাত হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মানববন্ধনের আয়োজন করেছে। সমিতি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় এফডিসি গেটে মানববন্ধন করবেন তারা।

এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার আমরা মানববন্ধন করব।নুসরাতের মতো আর কাউকে যেন এমন যন্ত্রণা নিয়ে মারা যেতে না হয়।’

 

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যান ফেরার দেশে চলে যান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন- এমন অভিযোগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়।

এরপর গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত