চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে কোনোপক্ষই কর্মসূচি পালন করতে পারেনি। তবে জারি করা ১৪৪ ধারা মাত্র এক ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়।
নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়িতে গত ৪ এপ্রিল রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে নাচোল থানায় মামলা করলে পুলিশ নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসহাক আলীসহ দুজনকে গ্রেপ্তার করে। ইসহাকের মুক্তির দাবিতে আওয়ামী লীগের একটি অংশ গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। একই স্থানে আরেকটি পক্ষ মানববন্ধনের ঘোষণা করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা ও ওসি জোবায়ের আহম্মেদ জানান, মামলার বাদী ও আসামিপক্ষ নাচোল উপজেলা পরিষদ চত্বরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সকাল সাড়ে ১০টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। পরে দুপক্ষ আলোচনার ভিত্তিতে কর্মসূচি পালন করবে বলে সম্মত হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।
