বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের করা সময় আবেদন মঞ্জুর করে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী নতুন এ দিন ধার্য করেন। এ মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় ৩১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে একজন মারা যান। ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ী থানা ছাত্রদল, শ্রমিক দল এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান। খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেনÑ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাহউদ্দিন আহমেদ ও বরকত উল্লাহ বুলু।
×
