বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভীষিকাময় ও দুুর্বিনীত দুঃশাসনের এক ভয়াল রূপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুষ্কৃতকারীরা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ কারণে নুসরাত জাহান রাফির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
এতে নুসরাতের হত্যাকারীদের অমানুষ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব অবিলম্বে তাদের নজিরবিহীন শাস্তির দাবি জানান। শোকবার্তায় মির্জা ফখরুল নুসরাতের হত্যাকারীদের ধিক্কার জানিয়ে বলেন, মায়া-মমতাহীন মানুষ নামের পশুদের দ্বারা নুসরাতের মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গোটা দেশবাসী আজ শোকে-দুঃখে স্তম্ভিত ও বিমূঢ় হয়ে পড়েছে। দেশবাসী আশা করে, এই অমানুষদের নজিরবিহীন শাস্তি হোক। শোকবার্তায় বিএনপি মহাসচিব নুসরাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত
পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
