২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয় লাহোরে। সেই থেকে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না পাকিস্তান। তবে গত কয়েক বছরে একটু-একটু করে আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরাতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে সফল হয়ে এবার টেস্ট সিরিজ আয়োজনের ইচ্ছা তাদের। ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন করতে পাকিস্তান আর কাউকে নয়, সেই শ্রীলঙ্কাকেই বেছে নিল! শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পিসিবি।
এ বছর থেকেই শুরু হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আওতায় ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহী পিসিবি। বিশ্বকাপের পর জুলাইয়ে টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে দুই বোর্ডের মাঝে। জানা গেছে, পিসিবির আগ্রহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সায় দিলেই তারা সূচি ঘোষণা করে দেবে। দুটি টেস্ট হওয়ার সম্ভাবনা লাহোর ও করাচিতে।
টেস্টকে জনপ্রিয় করতে আইসিসির নতুন চেষ্টা টেস্ট চ্যাম্পিয়নশিপ। জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সেরা দুটি দল ফাইনাল খেলবে ২০২১ সালের জুনে।
