নুসরাতের হত্যাকারীদের শাস্তি চান সাইফউদ্দিন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:২৯ এএম

ফেনীতেই জন্ম নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হতবাক জাতীয় দলের অলরাউন্ডার। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি বলেছেন, ‘ফেনী শান্তির জায়গা। এমন অমানবিক ঘটনা আমাকে হতবিহ্বল করে দিয়েছে। আমি ফেনীর মানুষকে বলব কেবল সরকারের একার পক্ষে এমন অপরাধ ঠেকানো সব সময় সম্ভব নয়। আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে, যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’

রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার আসামি সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ দৌলাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হয়েছেন মামলার দুই নম্বর আসামি নুর উদ্দিন। ৬ এপ্রিল রাফির গায়ে আগুনে লাগিয়ে দুর্বৃত্তরা পুড়িয়ে হত্যার চেষ্টা করে। মারাত্মক দগ্ধ অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত