কফি বিক্রেতা থেকে প্রেসিডেন্ট প্রার্থী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০২:৪১ এএম

ইন্দোনেশিয়ায় আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এবার আলোচনার কেন্দ্রে নারী প্রার্থীরা। আর এই নারী প্রার্থীদের মধ্যে এহা সোহেলা অন্যতম একজন।

দেশটির সাংবিধানিক নিয়ম অনুসারে, প্রত্যেক পার্টিকেই দলে ৩০ শতাংশ নারী প্রার্থী নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়ার বিগত সব নির্বাচনের তুলনায় এবার নারী প্রার্থীদের সংখ্যা সর্বাধিক। অধিকাংশ পার্টিই সংবিধানের নিয়ম অনুসারে পার্টিতে নারী প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে।

সোহেলা একজন রাস্তার কফি বিক্রেতা। তার একজন খদ্দের আহমদ হামদি যিনি নিজে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত, তিনিই সোহেলাকে উদ্বুদ্ধ করেন নির্বাচনে প্রার্থী হতে।

হামদি বলেন, ‘পার্টিতে নারী কোটা পূরণে আমাদের সমস্যা হচ্ছে। এ ছাড়া আমার দেখা নারীদের মধ্যে সোহেলা অনেক বেশি কর্মঠ এবং প্রতিদিন নিয়মিত কোনো অভিযোগ ছাড়াই কাজ করেন তিনি। তাই তাকে একজন যোগ্য প্রার্থী মনে হয় আমার।’

ইন্দোনেশিয়ার ইউনাইটেড ডেভেলপমেন্ট পার্টি থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেলা। প্রার্থিতা ঘোষণার পর তিনি নিজে রাস্তায় হেঁটে তাকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান। আর এক্ষেত্রে অভাবনীয় সাড়া পাচ্ছেন তিনি। রাস্তার অধিকাংশ নি¤œবিত্ত শ্রমজীবী মানুষ সোহেলাকে তাদের নিজেদের প্রতিনিধি হিসেবে মনে করছেন।

নির্বাচন করতে যে পরিমাণ অর্থ দরকার তা আছে কি নাÑ সোহেলাকে এমনটা জিজ্ঞেস করেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আমার কোনো অর্থ নেই, তবু আমাকে সমর্থন করুন। আমি অন্য রাজনীতিকদের মতোই আমার অঞ্চলের উন্নয়নের জন্য বদ্ধপরিকর।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বন্ধুদের, রাস্তার বিক্রেতাদের সাহায্য করতে চাই, যাতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।’ নির্বাচনের জন্য যে উপকরণ দরকার হয় তা নিজের অর্থ ব্যয় করেই করছেন তিনি। প্রতিদিন কাজের বাইরেও তিনি স্থানীয়দের কাছে যান প্রচারের জন্য। এই প্রচার চালানোর সময়েই তিনি মোট ৫০০ ডলার অর্থ পান সাধারণ মানুষদের কাছ থেকে নির্বাচনের জন্য।

উল্লেখ্য, দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো ছিলেন একজন কাঠমিস্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত