ঝালকাঠির রাজাপুরে (ভনার্যাবল গ্রুপ ডেভলপমেন্ট) ভিজিডি’র ১২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য কেওতা গ্রামের সেনোয়ারা বেগমের বাড়ি থেকে এ চাল জব্দ করেন।
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানান, মধ্য কেওতা গ্রামের মৃত আ. মালেক হাওলাদারের ছেলে মো. দুলাল হোসেন হাওলাদার ওরফে দুলাল উকিল স্থানীয় সাধারণ লোকের পরিচয়পত্র সংগ্রহ করে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) এ কার্ড তৈরি করে প্রতারণার মাধ্যমে শুক্তাগড় ইউনিয়ন চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধার সহযোগিতায় চাল উত্তোলন করে মজুদ করে বাইরে বিক্রি করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে শুক্রবার রাতে ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় সেনোয়ারা বেগমের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১২ বস্তা চাল জব্দ করে রাজাপুর থানায় নিয়ে আসে। এ ঘটনার পর সেনোয়ারা বেগমের ও দুলাল এলাকা থেকে পালিয়ে গেছে।
শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা। চালগুলো কার্ডধারীদের, তারা চালের বস্তাগুলো একসাথে ঐ বাড়িতে রেখেছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
