ধর্ষণ ও নারী নির্যাতনে তেঁতুল তত্ত্বই দায়ী: ইনু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৬:১৪ পিএম

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নুসরাত হত্যাকাণ্ড আবার প্রমাণ করল ধর্ষণ ও নারী নির্যাতনের জন্য তেঁতুল তত্ত্বের প্রচারক ও সমর্থকরাই দায়ী’।

তিনি বলেন, সুশাসনের জন্য বাংলাদেশ গড়তে হলে গণমাধ্যমকে ক্ষমতার অপব্যবহার সাম্প্রদায়িকতার তেঁতুল তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'আন্দোলন ৭১' এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই তেঁতুল তত্ত্বের মালিকরাই একাত্তরে নারীদের গায়ে হাত দিয়েছিল। এই তেঁতুল তত্ত্বের লোকরাই ১৯৭৫ সালে অন্তঃসত্ত্বা নারীদের হত্যা করেছে’।

তিনি আরও বলেন, আপনাদের দায়িত্ব ইতিহাস বিকৃত, হলুদ সাংবাদিকতা থেকে আপনাদের গণমাধ্যমকে মুক্ত করা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ও তেঁতুল তত্ত্বের অপপ্রচারণা মোকাবিলা করতে হবে এটা ও আপনাদের চ্যালেঞ্জ। আপনারাই পারেন দেশটাকে নিরাপদ করতে, সমাজটাকে নিরাপদ করতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চেীধুরী বলেন, সভ্যতার চাকা যেমন এগিয়ে গেল যেমন তা পেছানো যায় না তেমনি প্রযুক্তির চাকা এগিয়ে গেলে তা পেছানো যায় না, প্রযুক্তি একটি বাস্তবতা। সাংবাদিকতায় যদি নীতি-নৈতিকতা না থাকে তাহলে তা সাংবাদিতা কী না এ নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে অবাধ তথ্য আইন প্রণয়ন হয়েছে এবং আমাদের তথ্য কমিশন ও হয়েছে।

প্রফেসর রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুস শহীদ ( এমপি), সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, এবি নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক সুভাষ সিংহ  রায়, সারা বাংলা ডট নেটের প্রধান বার্তা সম্পাদক মাহমুদ মেনন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেকচারার কাজী এম আনিছুল ইসলাম ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম কমিউনিকেশন বিভাগীয় প্রধান সাহস মুস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত