রাজধানীর আদাবর এলাকায় ছাত্রলীগ নেতাকে লোহার পাইপ দিয়ে মারধর ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার গভীর রাতে রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা
আদাবর থানা ছাত্রলীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে রিয়াজসহ তিনজন আহত হন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রিয়াজ মাহমুদ বলেন, বৈশাখের পাঞ্জাবির জন্য মিরাজ নামের একজনকে নিয়ে অফিসের সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। কয়েক মিনিট পর ৮-১০ জন এসে বলে, 'তোদের না এলাকা ছাড়তে বলেছি, এখনও ছাড়িস নাই। বস বলছে, তোদের এলাকা ছাড়তে'। এ কথা বলেই পাইপ দিয়ে আঘাত করে।
তিনি জানান, পরে আদাবর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম শুভকেও বেধড়ক পিটিয়ে আহত করে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ওসি কাউসার আহমেদ বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
