পহেলা বৈশাখের আনন্দ উদ্যাপনের ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অভিভাবক সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। সামাজিক নিরাপত্তার দায়বদ্ধতা থেকে রোববার বৈশাখী উৎসবে হারিয়ে যাওয়া ১১ সন্তানকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কিছু শিশু হারিয়ে যায়। কিন্তু সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে পড়া মাত্র তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে রাখা হয়। পরে হারানো শিশুদের অভিভাবকদের খুঁজে বের করে তাদের হাতে সন্তানদের তুলে দেওয়া হয়।
কাকরাইল হতে বাবা মায়ের সঙ্গে রমনা পার্কে বৈশাখী উৎসবে এসেছিল ৮ বছর বয়সী শাহরিয়ার। হারিয়ে ফেলেছিল বাবা মাকে। এক পুলিশ সদস্যকে শিশুটি বাবাকে খুঁজে পাচ্ছে না জানালে, তিনি শিশুটিকে লস্ট অ্যান্ড ফাউন্ডে নিয়ে যান। পরে তার বাবা সাইফুলকে খুঁজে ফিরিয়ে দেওয়া হয় শাহরিয়ারকে।
পুলিশ নিউজ এক প্রতিবেদনে জানায় মুন্নি, রবিউল, মীম, আদন, সিনহা, তানভীর, মামুন, সাফা, সোহান নামে বেশ কয়েকজন শিশু ভিড়ে ভেতর অভিভাবকদের হারিয়ে ফেলে। তাদেরকে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে রেখে মাইকিং করে তাদের হারানো বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠে বলছিল-‘‘পুলিশের জন্যই আমার সন্তানকে আবার ফিরে পেয়েছি”।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কের পুলিশ সাব কন্ট্রোল রুমে দুটি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার করা হয়েছিল। দুই সেন্টার থেকে আজ ১৬ শিশুকে উদ্ধার করে তাদের বাবা-মা ও অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
