কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নববর্ষে ঘুরতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বারঘড়িয়া তুলসী গ্রামে এ ঘটনা ঘটে। আটক কানন মিয়া (৫০) নামে ওই ধর্ষককে সোমবার কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১১) রোববার বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে বাড়ির বাইরে ঘুরতে বের হলে একই গ্রামের কানন মিয়া রাস্তায় একা পেয়ে তাকে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত কানন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ধর্ষক কানন মিয়াকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
