গান, মঙ্গল শোভাযাত্রাসহ জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে বরাবরের মতো এবারও পালিত হলো ‘রুচি বৈশাখী উৎসব ১৪২৬’। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। দুই পর্বের এই অনুষ্ঠানটির প্রথম পর্বে সকাল ৮টায় শহরের নির্মাণাধীন স্বাধীনতা চত্বর ফটক থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। দেশের মঙ্গল কামনায় হাজারো মানুষের এই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পাবনা পৌরসভার মেয়র, চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ অগণিত পাবনাবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নাচ ও গানের জমজমাট আয়োজন; যা শুরু হয় সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে। ‘রুচি’ আয়োজিত পহেলা বৈশাখের এই আনন্দ আয়োজনের শুরুতে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত ও তার দল। এরপর এডওয়ার্ড কলেজ মাঠে উপস্থিত অগণিত দর্শকের সামনে সংগীত পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানার কামরুজ্জামান, সংগীতশিল্পী সিঁথি সাহা, তারুণ্যের প্রিয় শিল্পী ডিজে রাহাত, জয় শাহরিয়ার ও পারভেজ এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্কয়ার পরিবারের বহু কর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন আলিফ, সুমি ও শম্পা। আয়োজনটির জাতীয় সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত, স্থানীয় সম্প্রচার সহযোগী ভিশন টেকনোলজিস লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল মিডিয়াকম লিমিটেড। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রুচি যেকোনো উৎসবে আয়োজনে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রতি নিজেদের অঙ্গীকার পালন করে থাকে। উল্লেখ্য, ‘রুচি বৈশাখী উৎসব’ অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত।
×
