কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন। গতকাল সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে তিনি এ কথা জানান।
গত ২৪ মার্চ ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে ভৈরব পৌর এলাকার হাজি হাসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগানগর ইউনিয়নের বধূনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ওই তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয় ১৭ এপ্রিল। এর দুদিন আগে ওই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন।
সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুনের পক্ষে ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী মহল ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম করে।
গত ২৪ মার্চ নির্বাচনে মোশারফ হোসেন তালা প্রতীকে ৩৯,৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন চাপকল প্রতীকে পান ৪৩৫৮০ ভোট। স্থগিত হওয়া তিন কেন্দ্রের মোট ভোটার ৮,৬৭৫ জন। আগামীকাল বুধবার ওই তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওই ভাইস চেয়ারম্যান প্রার্থী আরও অভিযোগ করে জানান, স্থগিত কেন্দ্রেগুলোর ফলাফল তার বিপক্ষে নেওয়ার জন্য একটি মহল চক্রান্ত করছে। তাই তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
