পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে পোশাককর্মী ও স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় ১৫ বছর বয়সী এক গামেন্টকর্মীকে তার বন্ধু রিপন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই কিশোরীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রিপন (২৬) পলাতক। রবিবার দুপুরে কিশোরগঞ্জের করিমঞ্জের বারঘড়িয়া তুলসী গ্রামে নববর্ষে ঘুরতে গিয়ে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কানন মিয়া (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতাকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাবনার আমিনপুরে অটোরিকশা চালকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিটন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও গত রবিবার বিষয়টি জানাজানি হয়। পরিবারের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছে। বিস্তারিত ব্যুরো অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী-গামেন্টসকর্মী : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈশাখী অনুষ্ঠানে বেড়াতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার বিকেলে অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক রিপন একজন গাড়িচালক। তার বাড়ি পটিয়ার কচুয়ায়।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রবিবার রাতে ওই কিশোরীকে তার ভাই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরী।
কিশোরীর স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, পটিয়া বিসিক শিল্প নগরীর একটি গার্মেন্টসে চাকরি করত মেয়েটি। পহেলা বৈশাখ অনুষ্ঠানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে সকালে ওই কারখানার গাড়িচালক রিপন একটি সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিকেল পৌনে ৫টায় কিশোরীকে অজ্ঞান অবস্থায় পটিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আকতার জানান, ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাই মো. দিদার অভিযোগ করে বলেছেন, বৈশাখী অনুষ্ঠানে বেড়াতে নেওয়ার কথা বলে তার বোনকে যৌন নিপীড়ন করেছে রিপন। তার বোনের সঙ্গে রিপনের পরিচয় ১০-১৫ দিন হবে।
পটিয়া থানার ওসি বোরহানউদ্দিন বলেন, কারখানার গাড়িচালক রিপনের সঙ্গে কিশোরীর সম্পর্ক গড়ে উঠে। রবিবার পহেলা বৈশাখে দুজনে ঘুরতে বের হয়। এরপর অজ্ঞাত এক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে রিপন। মেয়েটি জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রিপনের দুই বন্ধুকে দিয়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তা সে জানাতে পারেনি। এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নববর্ষে ঘুরতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বারঘড়িয়া তুলসী গ্রামে এ ঘটনা ঘটে। আটক কানন মিয়া নামে ওই ধর্ষককে সোমবার কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিপড়–য়া ছাত্রীটি (১১) রবিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে বাড়ির বাইরে ঘুরতে বের হলে একই গ্রামের কানন মিয়া রাস্তায় একা পেয়ে তাকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত কানন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ধর্ষক কানন মিয়াকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
পাবনা ও নারায়ণগঞ্জে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার : ধর্ষণের শিকার কিশোরী বেড়া উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আমিনপুর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাত্রীর মা অটোচালক আলামিন ও তার সহযোগী জহুরুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’ তিনি জানান, গতকাল ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরীর এক স্বজন সাংবাদিকদের জানান, রবিবার দুপুরে আমিনপুর থানার দিঘলকান্দি এলাকার বোনের বাড়ি থেকে সে বাঘলপুর গ্রামের নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় রওনা হয়। কিছুদূর যাওয়ার পর চালক আলামিন ও তার বন্ধু জহুরুল অটোরিকশা নির্জন বাগানে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিটন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ছাত্রী। এ সময় লিটন ও সাইফুল নামে দুই যুবক তার মুখে কাপড় গুঁজে একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে সাইফুলের সহযোগিতায় লিটন মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রী পরিবারের সদস্যদের জানালে লিটন ও সাইফুলের পরিবারকে জানান তারা। এরপর একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ওই ছাত্রীর পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। পরে লিটন ও সহযোগী সাইফুলের বিরুদ্ধে রবিবার রাতে আড়াইহাজার থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষক লিটনকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার ফাইজুর রহমান দেশ রূপান্তরকে জানান, বিবাদীদের এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে যদি ধর্ষিতাকে বিয়ে করে তবেই লিটনকে ছাড়া যেতে পারে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার : জেলার পাথরঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ক্ষুদ্র ব্যবসায়ী জলিল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা থেকে জলিলকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার ধর্ষণের এ ঘটনায় পরদিন ছাত্রীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন।
