ঘাম ঝরানো জয়ে চারে আর্সেনাল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩১ এএম

দশজনের ওয়াটফোর্ডকে পেয়েও একটি মাত্র গোল দিয়ে জিততে হয়েছে আর্সেনালকে। কষ্টার্জিত এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ঢুকে পড়েছে দলটি।

৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট আর্সেনালের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পাঁচে নেমে গেছে চেলসি। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানসিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৭।

ওয়াটফোর্ডকে এদিন ৮০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয়। ১১ মিনিটের সময় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ট্রয় ডেনে।

আর্সেনাল এগিয়ে যায় ঠিক তার আগের মিনিটে। তাও সেটা ওয়াটফোর্ড গোলরক্ষকের ভুলে। সতীর্থের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়েও ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি বেন ফস্টার। তিনি শট নিতে নিতে পিয়েরে-এমেরিক আউবামেয়াং বলে চলে যান। বল জালেও জড়িয়ে দেন। লিগে এটি তার ১৮তম গোল।

এরপর অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। এক গোলের জয় নিয়েই খুশি থাকতে হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত