চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:৩৪ পিএম

নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় সিলিন্ডার রিফুয়েলিংয়ে বিস্ফোরণ হয়ে মো. ছাবেদ (৩০) ও পবিত্র কুমার দাশ (৬০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায়  নুর ওসমান (২৮) নামে আরেকজন দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, নাসিরাবাদের শফিকুর ইসলাম চৌধুরীর মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে সকালে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর ছাবেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পবিত্র দাশও মারা যান।

এদিকে চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ নুর ওসমানের শরীর ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত