রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
রমজান মাসে ভোগ্যপণ্যের বাজারে কারসাজি ঠেকাতে জেলা প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পর রমজানের দ্রব্যমূল্য মনিটরিং নিয়ে করণীয় নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, রমজানে ছোলা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ ও খেজুরের মতো ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে। চলতি বছর এসব পণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে। আমদানি পণ্য বন্দরে নিয়মিত জাহাজ থেকে খালাস হচ্ছে। এর বাইরে পাইপলাইনে আরও পণ্য রয়েছে।
