হত্যাকারীদের সুষ্ঠু বিচার চায় এইচআরডব্লিউ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১৯ এএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা যথাযথ তদন্ত করে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, ধর্ষণচেষ্টার অভিযোগ করার পর নুসরাতের খুন হওয়ার ঘটনায়

বাংলাদেশ কর্র্তৃপক্ষের উচিত যৌন সহিংসতা প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা নেওয়া। এইচআরডব্লিউর দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘বিচার চাওয়া সাহসী এক নারীর বিভীষিকাময় হত্যায় প্রমাণিত হয় যে, যৌন হেনস্তার ভুক্তভোগীদের রক্ষায় কত বাজেভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘নুসরাত জাহান রাফির মৃত্যুর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, যৌন হেনস্তায় বেঁচে যাওয়ার ঘটনা এবং তারা (ভুক্তভোগী) যাতে নিরাপদে আইনি ব্যবস্থা নিতে পারে ও প্রতিশোধ থেকে বাঁচতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বাংলাদেশের।’

এইচআরডব্লিউর অভিযোগ, ২৭ মার্চ ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, নুসরাত থানায় গেলে ওসি মামলা নথিবদ্ধ করেন। কিন্তু তিনি বলছিলেন, এটি বড় বিষয় নয়। একই সঙ্গে সন্দেহভাজন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার সমর্থকরাও নুসরাতকে অভিযোগ তুলে নিতে চাপ দেয়।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসান যায় নুসরাত। সে সময় তাকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে মুখোশ পরা চার-পাঁচজন অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় নুসরাতের।

এর আগে গত ২৭ মার্চ নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত