নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বুধবার নবম শ্রেণির এক ছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা রাজিয়া বেগম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান তুহিনের পিতা সাবেক মেম্বার হারুন অর রশিদ গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচন করেন।
ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন জয়ী হলে তার কর্মী সমর্থকরা হারুন অর রশিদকে হত্যার হুমকি দেওয়ায় তিনি নির্বাচনের পর থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ায় হারুন অর রশিদের ছেলে নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান তুহিন পরীক্ষায় অংশ নেয়।
বুধবার দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে সে হল থেকে বের হওয়ার পর সজিবের নেতৃত্বে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের একদল উচ্ছৃঙ্খল কর্মী সমর্থক লোহার রড, বাঁশের লাঠি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে রাকিবুল হাসান তুহিনকে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় তার আর্তচিৎকার শুনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, স্কুল ছাত্রের উপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। আমি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেব।
