সাড়ে ৮০০ বছরের পুরোনো ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রালের ভয়াবহ অগ্নিকাণ্ডে খ্রিষ্টান ধর্মাবলম্বী ও শিল্পপ্রেমীরা মনে দারুণ আঘাত পেয়েছেন। এখন অনেকে খুঁজছেন আগুনের ঘটনার আগে সেখানে থাকা বাবা-মেয়েকে।
তাদের সূত্র হলো একটি ছবি। সেখানে দেখা যায়, বাবার হাত ধরে শূন্যে দুলছে ছোট মেয়েটি। দুজনে হাসিমুখে এই কসরত করে ১২ শতকে নির্মিত এই ধর্মীয় স্থাপনার সামনে।
ব্রুক উইনসর নামে এক পর্যটকের তোলা ছবিটি এখন অনলাইনে ভাইরাল। তার দাবি, আগুন লাগার ঘণ্টাখানেক আগে তিনি ছবিটা তুলেছিলেন। পরে তিনি পাননি। তাদের খুঁজে বের করার জন্য টুইটারে ছবিটা পোস্ট করেন ব্রুক। সঙ্গে লিখে দেন, ‘‘টুইটার তুমি যদি জাদু জানো, ওদের খুঁজে বের করো।’’ ইতিমধ্যে টুইটটি শেয়ার হয়েছে ৬৬ হাজার বার।
সংবাদমাধ্যমকে ব্রুক জানান, এক বন্ধুর সঙ্গে আমেরিকার মিশিগান থেকে প্যারিসে এসেছিলেন। বলেন, ‘‘তারা বাবা-মেয়েই কি না, আমি অবশ্য নিশ্চিত নই! কিন্তু ওদের দুজনের ওই মুহূর্তটা এত উজ্জ্বল, ও সব জিজ্ঞাসা করে সেটা নষ্ট করতে চাইনি।’’
সঙ্গে যোগ করেন, ‘‘ওই ভদ্রলোকের জায়গায় থাকলে স্মৃতিটা বাঁচিয়ে রাখতে চাইতাম। আশা করি উনিও আমার মতোই ভাববেন।’’
সপ্তাহখানেক আগে আগুন লাগে নটর ডেম ক্যাথেড্রালে। ওই সময়ে স্থাপনাটির আশপাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ে ছিলেন ব্রুকও। তিনি বলেন, ‘‘স্তব্ধ হয়ে রুদ্ধশ্বাস অবস্থায় বাকি প্যারিসের দেখছিলাম সেই ভয়াবহ মুহূর্তটা।’’
